Ridge Bangla

মহেশপুরে ধর্ষণচেষ্টার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর এলাকা থেকে আটক করা হয় তাকে।

গ্রেপ্তার সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরে সাজ্জাদুল ইসলাম খালিশপুরের গোহাটায় একটি ভাড়া বাসায় এক ব্যক্তির খোঁজে যান। সেখানে ওই ব্যক্তিকে না পেয়ে খালি বাসায় তাঁর স্ত্রীকে দেখে তিনি পানি পান করতে চান। এ সময় গৃহবধূ ফ্রিজ থেকে পানি আনতে গেলে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়।

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে ঘটনাটি গোপন রাখার জন্য অর্থ দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে মহেশপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি দুই লাখ টাকার একটি ব্যাংক চেক দিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেছিলেন। তবে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন