মিয়ানমারে মাঝরাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও। বিশেষ করে চট্টগ্রামসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় কয়েক সেকেন্ড ধরে মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকার কাছাকাছি। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের কম্পনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বের হয়ে আসেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভবের বিষয়টি জানান।
এর আগে শনিবার বিকালেও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভারতের আসাম অঞ্চলে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪ থেকে ৪ দশমিক ৫।