পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান আপাতত স্থগিত করা হয়েছে। চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হলেও শেষ মুহূর্তে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পদকের তালিকায় বিতর্কিত এবং বিগত সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার নাম উঠে আসায় বিষয়টি নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হয়। পরে আরও যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়ায় পদক প্রদানের সরকারি আদেশ (জিও) জারি করা হয়নি।
শনিবার রাতে পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রোববার পদক দেওয়া হচ্ছে না। পুরো বিষয়টি এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যাচাই-বাছাই শেষে তালিকা থেকে কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন নামও যুক্ত হতে পারে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি বিদেশ সফরে থাকায় জিও জারি করা সম্ভব হয়নি। পাশাপাশি পদকপ্রাপ্তদের বিষয়ে আরও গভীরভাবে যাচাই করা হবে।