Ridge Bangla

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেন কলেজে মধ্যরাতে বিক্ষোভ

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে এ আন্দোলন শুরু হয় এবং রাত গভীর পর্যন্ত উত্তেজনা বিরাজ করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা “ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না”-সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা ক্যাম্পাসে টানানো ছাত্রদলের ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন। পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজনীতিমুক্ত পরিবেশের দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে হলে ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি থাকা উচিত নয়। তারা আরও জানান, ক্যাম্পাসের গেটে থাকা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ লেখা মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান ফটকসহ কয়েকটি গেট ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এতে ক্যাম্পাস এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়।

রাত ১২টা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকলেও পরে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। তবে নিরাপত্তার স্বার্থে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন