Ridge Bangla

শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসসহ আটক ৫ জন

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে ডিজিটাল ডিভাইসসহ পাঁচ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে শহরের নবারুণ পাবলিক স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ১১টায় শুরু হওয়া লিখিত পরীক্ষা চলাকালে সন্দেহভাজন পাঁচ পরীক্ষার্থীর আচরণে অসঙ্গতি দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে তাদের শরীরে বিশেষভাবে লুকানো ডিজিটাল ডিভাইস ও কানে ক্ষুদ্র ইয়ারফোন পাওয়া যায়।

আটকরা হলেন শেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা মো. মহিউর রহমান মশাল, মো. মমিনুল ইসলাম মমিন, মো. রসুল মিয়া, মো. রায়হান হোসেন ও মো. শান্ত মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, নিয়োগ পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একটি সংঘবদ্ধ চক্র তাদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৮ লাখ টাকা দাবি করে। সেই চুক্তির অংশ হিসেবেই তারা পরীক্ষার সময় ডিভাইস ব্যবহার করছিল।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, চক্রটি পরীক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে পোশাক, জুতা ও শরীরে লুকানো ডিভাইস ব্যবহার করিয়ে নকলের চেষ্টা করছিল। পুরো চক্র শনাক্তে অভিযান চলছে।

This post was viewed: 8

আরো পড়ুন