আবারও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হয়ে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি। এ সময় ড্রোন হামলায় আরও এক বাংলাদেশির পা উড়ে গেছে। নিহত যুবকের নাম মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আব্দুর রশিদের ছেলে।
তার পিতা উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা ও জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক। রাশিয়ান সেনাবাহিনীর একজন নিয়মিত সদস্য হিসেবে রিয়াদ কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার পিতার পাঁচ সন্তানের মধ্যে রিয়াদ ছিলেন চতুর্থ।
রিয়াদের পরিবার জানিয়েছে, শুক্রবার (৮ মে) সন্ধ্যার পরে রিয়াদের বন্ধু লিমন দত্ত সামাজিক মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়ে তাদের সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
লিমন দত্ত তাদের জানান, গত ২ মে ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ান সীমান্তে ড্রোন হামলা চালালে দুই বাংলাদেশি ও একজন নাইজেরিয়ান প্রাণ হারান।
এ সময় ওই ড্রোন হামলায় আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে লিমনও একজন। লিমন জানান, তিনি নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে সেনাসদস্য হিসেবে কর্মরত থাকাকালে ড্রোন হামলায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রিয়াদের পরিবার জানিয়েছে, একটি কোম্পানির হয়ে কাজ করতে গত বছরের অক্টোবরে রাশিয়ায় যান রিয়াদ। সেখানে গিয়ে তিনি ৭৩৫ নম্বর ব্যাচের অধীনে ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগদান করেন। তবে তার সেনাবাহিনীতে যোগদানের বিষয়ে পরিবার আগে থেকে অবগত ছিল না।