ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (৯ মে) তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।
শুক্রবার কলকাতায় বিজেপি নেতৃত্বাধীন সংসদীয় দলের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন দলের সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। এছাড়া উপ-পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
দলীয় সূত্রে দাবি করা হয়েছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দীর্ঘ রাজনৈতিক শাসনের অবসান ঘটেছে। গত ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পর ৪ মে ভোট গণনায় ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে। এই ফলাফলকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়।
শুভেন্দু অধিকারী একসময় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী ছিলেন। ২০২০ সালে তিনি দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। এরপর ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম আসনে তিনি মমতা ব্যানার্জিকে পরাজিত করেন বলে দাবি করা হয়। এবারের নির্বাচনে ভবানীপুর আসনেও তার বিজয়ের দাবি করা হয়েছে।