পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় পরিবেশ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ২৪টি স্বয়ংক্রিয় পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাশিয়ার সহায়তায় স্থাপিত এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রের আশপাশের বায়ু, মাটি, পানি, ঘাস, সবজি ও দুধের মান নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে।
প্রকল্প-সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর তেজস্ক্রিয়তার মাত্রা পর্যবেক্ষণ করাও এই ব্যবস্থার প্রধান কাজ হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য সংগ্রহ ও প্রতিক্রিয়ার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে গ্রিন সিটিতে, যা প্রকল্পের নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত।
পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থাটি বিনামূল্যে স্থাপন করেছে রাশিয়া। গত প্রায় ১০ বছরের পরিবেশগত তথ্য এখানে সংরক্ষিত রয়েছে, যা ভবিষ্যতে তুলনামূলক বিশ্লেষণে ব্যবহার করা হবে।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দীর্ঘমেয়াদে পরিবেশগত ক্ষতির প্রমাণ নেই। তবুও জনসচেতনতা ও আস্থা নিশ্চিত করতে ২৪টি কেন্দ্রের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি জানান, এসব কেন্দ্র বিদ্যুৎকেন্দ্রের চারপাশে বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে এবং রাজধানী ঢাকায়ও একটি উচ্চক্ষমতাসম্পন্ন পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। দুর্ঘটনা বা অস্বাভাবিক পরিস্থিতিতে দ্রুত শনাক্ত ও সতর্কতা জারি করা সম্ভব হবে এই ব্যবস্থার মাধ্যমে।