আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে পরিবহন কোম্পানিগুলো। শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে একযোগে টিকিট বিক্রি শুরু হয়। এতে ঘরমুখো মানুষের মধ্যে আগেভাগেই টিকিট সংগ্রহের তৎপরতা দেখা গেছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানী থেকে উত্তরবঙ্গ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও অন্যান্য জেলার রুটে টিকিটের চাহিদা বেশি দেখা যাচ্ছে।
শ্যামলী এন আর ট্রাভেলস জানিয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারীসহ বিভিন্ন রুটে টিকিট বিক্রি চলছে। অরিন ট্রাভেলসও গাইবান্ধা, জয়পুরহাট-হিলি ও রংপুর রুটে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।
হানিফ এন্টারপ্রাইজ, গ্রীন লাইন পরিবহন ও সোহাগ পরিবহন জানিয়েছে, তাদের সব কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাচ্ছে। তবে গ্রীন লাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের টিকিট একবার ক্রয়ের পর তা পরিবর্তন বা ফেরত দেওয়া হবে না।
পরিবহন মালিক সমিতি জানিয়েছে, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে অনলাইন ও অফলাইন- দুই ব্যবস্থাতেই সমন্বিতভাবে টিকিট বিক্রি করা হচ্ছে।