Skip to main content

Ridge Bangla

মধ্যরাতে ছদ্মবেশে বাসস্ট্যান্ডে নারী পুলিশ কমিশনার, তিন ঘণ্টার ব্যবধানে পেলেন ৪০ জনের কুপ্রস্তাব

ভারতের হায়দরাবাদে নারীদের নিরাপত্তার বাস্তব চিত্র জানতে গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়েছেন মালকাজ়গিরির পুলিশ কমিশনার সুমতি। তিনি তেলঙ্গানা ক্যাডারের একজন সিনিয়র আইপিএস কর্মকর্তা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বাসস্ট্যান্ডে একা অবস্থান করে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাত্র তিন ঘণ্টার মধ্যে প্রায় ৪০ জন পুরুষ তার সঙ্গে কথা বলা বা কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে তরুণ, শিক্ষার্থী এবং নেশাগ্রস্ত ব্যক্তিও ছিলেন। তবে কেউ বুঝতে পারেননি, তিনি একজন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা।

বাস্তব পরিস্থিতি যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত মালকাজ়গিরি থানার পার্শ্ববর্তী একটি বাসস্ট্যান্ডে সাধারণ পোশাকে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় তার পুলিশ পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়।

পর্যবেক্ষণ কার্যক্রম শেষে কয়েকজনকে শনাক্ত করে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয় এবং নারীদের প্রতি শালীন আচরণ বজায় রাখার বিষয়ে সতর্ক করা হয়। তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, এমন পদক্ষেপ নারী নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

This post was viewed: 44

আরো পড়ুন