স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের আন্দোলনে জনগণের সম্মিলিত লড়াইয়ের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে মানুষের বহু আশা-আকাঙ্ক্ষা জড়িয়ে রয়েছে এবং সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।
শুক্রবার নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৫ বছরের শাসনে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। লুটপাট ও দুর্নীতির কারণে দেশকে সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান সরকার সেই অবস্থা কাটিয়ে উন্নয়ন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে বলে জানান।
তিনি আরও বলেন, এখনও একটি স্বার্থান্বেষী মহল ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
রবীন্দ্রনাথের কৃষিভাবনার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, কৃষকদের উন্নয়নে সরকার কৃষি কার্ডসহ নানা সুবিধা দিচ্ছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে নেওয়া পদক্ষেপ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতিবিষয়কমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।