Ridge Bangla

রূপপুরের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পে যুক্ত হলো নতুন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত ২৮ এপ্রিল প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং শুরুর পর প্রকল্পটি চালুর প্রাথমিক ধাপে প্রবেশ করেছে। নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা কেন্দ্রটির নিরাপদ ও দক্ষ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস বিভাগ প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ও বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থাসহ মোট ২২টি সাব-সিস্টেম স্থাপন করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, যন্ত্রপাতির কার্যকারিতা, রেডিয়েশন পর্যবেক্ষণ এবং সার্বিক প্রযুক্তিগত কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

রসাটমের কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুর প্রকল্পের জন্য বিশেষভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রথমবারের মতো এখানে কমপ্যাক্ট বেঞ্চ-টাইপ নকশা ও স্বয়ংক্রিয় বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত রূপপুর প্রকল্পে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

This post was viewed: 11

আরো পড়ুন