টানা বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে তিন জেলার অন্তত সাতটি নদীর আটটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বন্যার আশঙ্কা বাড়িয়েছে।
সোমবার (৪ মে) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জ সদরে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগান এলাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে নলজুর নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ধনু-বাউলাই নদী এবং মগরা নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করেছে। একই সঙ্গে সোমেশ্বরী, ভুগাই-কংশ ও কালনি নদীর পানিও বিপৎসীমার ওপরে রয়েছে।
এছাড়া সুতাং নদীর পানির স্তর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপরে পৌঁছেছে, যা স্থানীয়দের জন্য উদ্বেগজনক। পূর্বাভাসে বলা হয়েছে, উজানে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে পানির চাপ আরও বাড়তে পারে। ফলে হাওরাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।