দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কেউ যেন সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে মাঠপর্যায়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ডিসিরা সরকারের মাঠপর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করেন, তাই বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আধুনিক ডিজিটাল ও এআই-নির্ভর যুগে জনপ্রশাসনের কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হতে হবে। জনগণ যাতে হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
কৃষিখাতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, কৃষক যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় এবং সময়মতো সার, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ পায়, তা নিশ্চিত করতে হবে।
খাদ্যে ভেজাল রোধে মোবাইল কোর্ট পরিচালনা জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনকে কঠোর হতে হবে।