রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার (৩ মে) থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
শনিবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ্দীন এ তথ্য জানান। তিনি বলেন, সম্মেলনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তর এতে অংশ নিতে প্রস্তুত রয়েছে।
ডিসি সম্মেলনে দেশের সব জেলার প্রশাসকরা অংশ নেন, যা মাঠ প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সরাসরি যোগাযোগের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন জেলার সমস্যা, উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ তৈরি হয়।
প্রথা অনুযায়ী, সম্মেলনে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পাবেন।