দেশের ইতিহাসে সবচেয়ে নাজুক অর্থনীতি, দুর্বল ও বিভাজিত জনপ্রশাসন এবং অধঃপতনমুখী আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আজ রবিবার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলের দুর্নীতি ও লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছে। এর ফলে ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে।
বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদকসহ প্রতিটি সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অবস্থাও ছিল ভঙ্গুর। উৎপাদন খাতকে বন্ধ করে দেশকে আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এতে করে বেড়েছে দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যা। সৃষ্টি হয়নি নতুন কর্মসংস্থান।
এই প্রতিকূল অবস্থার সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিও নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এই যুদ্ধ পরিস্থিতি থেকে পৃথিবীর কোনো দেশই রেহাই পায়নি বলে জানান প্রধানমন্ত্রী।