Ridge Bangla

আজ সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ রোববার (৩ মে) অনুষ্ঠিত হবে। রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লক (লেভেল-১) শপথ কক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। জাতীয় সংসদ সচিবালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নামের গেজেট প্রকাশ করে। দল ও জোটভিত্তিক আসন বণ্টনের ভিত্তিতে এসব সংসদ সদস্য মনোনীত হন।

গেজেট অনুযায়ী, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হন।

সংরক্ষিত আসনে নির্বাচিতদের মধ্যে বিএনপি জোটের পক্ষ থেকে সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, নিপুণ রায় চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাগত পরিচয়ের নারী নেত্রীরা রয়েছেন। অন্যদিকে জামায়াত জোট থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, মাহফুজা হান্নানসহ ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ গ্রহণের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

This post was viewed: 4

আরো পড়ুন