সরকারি প্রশাসনের দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন বাংলাদেশের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
গত ৩০ এপ্রিল জারি করা ওই আদেশে একজন অতিরিক্ত সচিব এবং ১১ জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। এতে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু রায়হান মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ফিরোজ আহমেদ ও মুহাম্মদ মনিরুল ইসলামসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম রয়েছে।
এ ছাড়া তালিকায় আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম ও মো. রায়হান আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এফ এম এহতেশামূল হক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ আব্দুস সালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জিল্লুর রহমান এবং বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্ম সচিব) জিয়া আহমেদ সুমন।
অফিস আদেশে বলা হয়েছে, এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। ফলে এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক ব্যয় বহন করতে হবে না।