মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতির মধ্যেই চারটি মিত্র দেশের কাছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ঘোষণাটি এসেছে এমন এক সময়ে, যখন ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে মোট ৮.৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত ওই চুক্তি অনুযায়ী, কাতার প্রায় ৪.০১ বিলিয়ন ডলারের ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রায় ৯৯২.৪ মিলিয়ন ডলারের লেজার-নির্দেশিত অস্ত্র ব্যবস্থা ‘অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম’ (APKWS) ক্রয় করছে।
কুয়েত ২.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে সমন্বিত যুদ্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা (Integrated Battle Command System) পাবে।
যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলও কাতারের মতো ৯৯২.৪ মিলিয়ন ডলারে লেজার-নির্দেশিত অস্ত্র ব্যবস্থা APKWS সরঞ্জাম ক্রয় করছে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের মতো একই সরঞ্জাম ক্রয় করলেও তাদের খরচ হচ্ছে ১৪৭.৬ মিলিয়ন ডলার।