Ridge Bangla

চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ

রাজশাহীর চারঘাট উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্বামীকে মারধর ও বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৯ এপ্রিল) চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত প্রায় ১টার দিকে সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতি জীবিকার জন্য বিভিন্ন স্টেশনে পপকর্ন বিক্রি করেন। ট্রেনে করে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ থেকে নামার পর তারা স্টেশনসংলগ্ন একটি দোকানে বসে ছিলেন।

এ সময় হঠাৎ এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারী প্রথমে স্বামীকে মারধর করে গুরুতর আহত করে এবং পরে তাকে বেঁধে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, এরপর স্ত্রীকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এবং তাদের কাছ থেকে নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয়রা পরে স্বামীকে উদ্ধার করেন এবং স্ত্রীকে জঙ্গল থেকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা হামলাকারীকে আশরাফুল ইসলাম (৩৫) হিসেবে শনাক্ত করেছেন বলে জানা গেছে।

চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

This post was viewed: 20

আরো পড়ুন