বিশ্বব্যাপী বিমানের জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহ সংকট যখন বিমান চলাচল শিল্পকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন চীনা গবেষকরা। কার্বন ডাই-অক্সাইডকে সরাসরি জেট ফুয়েলে রূপান্তরের একটি উদ্ভাবনী প্রযুক্তিতে অভাবনীয় সাফল্য পেয়েছেন সাংহাই অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
চীনা একাডেমি অব সায়েন্সের গবেষক দলটি ল্যাবরেটরির গণ্ডি পেরিয়ে এখন এই প্রক্রিয়াটিকে বাণিজ্যিকভাবে উৎপাদনের পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। তারা মূলত কার্বন ডাই-অক্সাইডকে সরাসরি ‘লং-চেইন হাইড্রোকার্বনে’ রূপান্তর করতে সফল হয়েছেন, যা জেট ফুয়েলের মূল উপাদান। এ পদ্ধতিতে বর্জ্য গ্যাসকে পানির সঙ্গে মিশিয়ে উচ্চ শক্তির তরল জ্বালানি তৈরি করা হয়। এটি মূলত দহন প্রক্রিয়ার একটি বিপরীতমুখী পদ্ধতি।
বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই সংকটাপন্ন পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চীনা বিজ্ঞানীদের এই উদ্ভাবন অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন বিশ্লেষকরা।
মর্যাদাপূর্ণ আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নাল ‘এসিএস ক্যাটালাইসিস’-এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিনের প্রযুক্তিগত জটিলতাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে দলটি। প্রযুক্তিটি সফলভাবে বাস্তবায়িত হলে একদিকে যেমন বিমানের পরিচালন ব্যয় কমবে, অন্যদিকে তা কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।