অপরিশোধিত জ্বালানি তেলের সংকটে প্রায় ১৭ দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র সরকারি শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল) আগামী ৭ মে পুনরায় উৎপাদনে ফিরতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিতের প্রক্রিয়া এগিয়ে চলায় উৎপাদন স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীন এই শোধনাগারটি সম্পূর্ণভাবে আমদানিনির্ভর অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীল। মূলত মধ্যপ্রাচ্য থেকে জিটুজি পদ্ধতিতে এসব তেল আমদানি করা হয়। তবে সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতা ও পরিবহন জটিলতার কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটে।
গত ১২ এপ্রিল থেকে ক্রুড ডিস্টিলেশন ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় ইআরএলের উৎপাদন সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে। এতে দেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সরকার স্পট মার্কেট থেকে বেশি দামে পরিশোধিত জ্বালানি আমদানি করে।
বিপিসি সূত্র জানায়, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার বেশিরভাগই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। ইস্টার্ন রিফাইনারি চালু হলে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং আমদানিনির্ভরতা কিছুটা কমবে।