Ridge Bangla

ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস বিশেষ সহায়তা দেবে সরকার

প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তর-পূর্বাঞ্চলের কৃষকদের জন্য তিন মাসের বিশেষ সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অতিবৃষ্টির কারণে বহু কৃষকের ফসলহানি হয়েছে, যা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্তদের দ্রুত শনাক্ত করে সহায়তা পৌঁছে দেওয়া যায়। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো ক্ষতিগ্রস্ত কৃষক যেন সহায়তা থেকে বাদ না পড়ে, সে জন্য মাঠপর্যায়ে কঠোর নজরদারি রাখা হবে। দ্রুত তালিকা প্রণয়ন শেষে আগামী তিন মাস ধারাবাহিকভাবে সহায়তা কার্যক্রম চালানো হবে।

This post was viewed: 5

আরো পড়ুন