Ridge Bangla

ইরান ও লেবাননের পাশে হুথিরা

ইরান ও লেবাননের ওপর চলমান সামরিক আগ্রাসনের বিপরীতে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক সংকটে তাদের নিরপেক্ষ থাকার কোনো সম্ভাবনা নেই। বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ঘোষিত লড়াই ও ভুক্তভোগী দেশগুলোর প্রতি সমর্থন অব্যাহত থাকবে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, হুথিরা ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা এবং নাবিকদের জিম্মি করা আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এসব কর্মকাণ্ড বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের সরবরাহ চেইনকে ঝুঁকিতে ফেলছে বলেও মন্তব্য করেছে হুথিরা।

হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছে হুথি আন্দোলন। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় নিজ জলসীমায় নৌ চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করার আইনি অধিকার প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের রয়েছে।

বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, ইরান, লেবানন এবং ফিলিস্তিনের বিরুদ্ধে চলমান যেকোনো আগ্রাসনের বিষয়ে ইয়েমেন ও হুথি আন্দোলন কখনোই দর্শক হয়ে থাকবে না।

This post was viewed: 6

আরো পড়ুন