যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের নামে থাকা ২৫ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের সম্পদ জব্দ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
জব্দকৃত এই বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে ব্রিটিশ হাইকমিশনার স্পষ্ট করেছেন যে, এটি একটি দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়ার অংশ। তিনি জানান, জব্দ হওয়া সম্পদ ফেরত পাওয়ার বিষয়টি কোনোভাবেই রাতারাতি সম্ভব নয়। এর জন্য শক্তিশালী আইনি প্রমাণ উপস্থাপন করা অপরিহার্য। আইনি স্বচ্ছতা বজায় রেখেই যথাযথ প্রক্রিয়ায় এই সম্পদ হস্তান্তরের বিষয়টি সম্পন্ন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
‘ডিকাব টক’ অনুষ্ঠানে হাইকমিশনারের পাশাপাশি সংগঠনের সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েসও বক্তব্য রাখেন।