জাতীয় সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার। বুধবার (২৯ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ২৪তম বৈঠকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার সূত্রপাত হয় জোহরের নামাজের ঠিক আগমুহূর্তে। বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ যখন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময়েই হাফেজ মুহাম্মদ রবিউল বাশার অসুস্থ বোধ করেন।
ওই পরিস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দ্রুত অধিবেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন। এরপর সংসদ ভবনের চিকিৎসকদের ডেকে পাঠিয়ে তাৎক্ষণিক তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়।
চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাথমিক সেবা দেওয়ার কিছুক্ষণ পর অধিবেশন পুনরায় শুরু হয়। এরপর জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ ওই সংসদ সদস্যের খোঁজ নেন।