চলতি অর্থবছরের প্রথম নয় মাসেই ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। রাজস্ব আয়ে ঘাটতি এবং ব্যয়চাপ সামাল দিতে গিয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার আগেই বিপুল পরিমাণ ঋণ নিতে বাধ্য হয়েছে অর্থ মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ব্যাংক থেকে মোট ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ছিল সরকারের। তবে মার্চ শেষে দেখা যায়, জুলাই-মার্চ সময়ে সরকার ইতোমধ্যে ১ লাখ ৮ হাজার ৯৮৫ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক থেকে ৭৮ হাজার ৪৯ কোটি এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে ৩০ হাজার ৯৩৬ কোটি টাকা নেওয়া হয়েছে। পরবর্তীতে আংশিক পরিশোধের পর নিট ঋণের পরিমাণ প্রায় ৯৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
ব্যয় মেটাতে গিয়ে নির্ধারিত সীমা অতিক্রম করায় সাময়িকভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার ঘটনাও ঘটেছে। এতে বাজারে অর্থ সরবরাহ বাড়ার ঝুঁকি তৈরি হলেও দুই সপ্তাহের মধ্যে ওই ঋণ পরিশোধ করায় বড় ধরনের প্রভাব পড়েনি। অর্থনীতিবিদদের মতে, ব্যবসা-বাণিজ্যে মন্দাভাবের কারণে সরকারের আয় প্রত্যাশিত না হওয়ায় ঋণ নেওয়া ছাড়া বিকল্প থাকছে না। তবে অতিরিক্ত ঋণ গ্রহণে মূল্যস্ফীতি বৃদ্ধি ও বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।