দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
বুধবার (২৯ এপ্রিল) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম কমার কারণে এই সমন্বয় করা হয়েছে। এর আগে মঙ্গলবারও একই পরিমাণে দাম কমানো হয়েছিল। এছাড়া ২৩ এপ্রিল আরও ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। ফলে মাত্র ছয় দিনের ব্যবধানে ভালো মানের সোনার দাম মোট ৭ হাজার ৬৯৮ টাকা কমেছে। নতুন দামে ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হবে।