গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বিয়ে করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জয় চৌধুরী (২৩) নামে এক যুবক কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার পাটগাতী ইউনিয়নে এই অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাসিন্দা জয় চৌধুরীর সঙ্গে তুলি হীরা (১৫) নামের এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। সংবাদ পেয়ে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদারের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের উপস্থিতিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।