Ridge Bangla

দেশীয় প্রযুক্তির নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

পাকিস্তান সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ‘ফাতেহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা সম্পন্ন করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর সূত্রে জানা গেছে, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় যুক্ত করা হয়েছে অত্যাধুনিক অ্যাভিওনিকস এবং নতুন প্রজন্মের ন্যাভিগেশন প্রযুক্তি। এই পরীক্ষামূলক উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যভেদে নির্ভুলতা এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা কতটুকু, তা যাচাই করা। একই সঙ্গে সেনাদের প্রশিক্ষণ ও বিভিন্ন কারিগরি ব্যবস্থার সক্ষমতা মূল্যায়নের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পরীক্ষাটি পরিচালনার সময় স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন (এসপিডি), আর্মি রকেট ফোর্স কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্পের বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। দেশীয় প্রযুক্তির এই উদ্ভাবনে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। তারা সংশ্লিষ্টদের প্রযুক্তিগত দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

সামরিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে একের পর এক নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান। বিগত এক বছরের মধ্যেই দেশটি ফাতেহ-২ থেকে শুরু করে ফাতেহ-৪, তৈমুরসহ আরও কয়েক ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন