উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে গোলবন্যার এক মহাকাব্যিক লড়াই উপহার দিল পিএসজি ও বায়ার্ন মিউনিখ। হাইভোল্টেজ ম্যাচটিতে ৯টি গোলের রোমাঞ্চকর প্রদর্শনীতে শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্টরা।
পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচটিতে ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন হ্যারি কেইন। তবে পিছিয়ে পড়ে দমে যায়নি স্বাগতিক পিএসজি। ২৪তম মিনিটে প্রায় মাঝমাঠ থেকে দৌড়ে একক নৈপুণ্যে চমৎকার এক গোলে সমতা ফেরান খিচা কাভারাস্কেইয়া।
এরপর ৩১তম মিনিটে জোয়াও নেভেসের গোলে লিড নেয় প্যারিসের দলটি। তবে ম্যাচটির প্রথমার্ধে নাটকীয়তা ছিল তুঙ্গে। কারণ নেভেসের গোলের পর মাইকেল ওলিসে গোল করে বায়ার্নকে সমতায় ফেরালেও, বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে আবারও এগিয়ে দেন ওসমানে দেম্বেলে।
এরপর বিরতি থেকে ফিরেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পিএসজি নিজেদের আক্রমণাত্মক কৌশল বজায় রাখে। ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন খিচা কাভারাস্কেইয়া। এর দুই মিনিট পর দেম্বেলেও নিজের দ্বিতীয় গোল আদায় করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২।
একসময় যখন মনে হচ্ছিল ম্যাচ থেকে ছিটকে গেছে বায়ার্ন, তখনই ঘুরে দাঁড়ায় তারা। দেখায় কেন এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের অন্যতম দাবিদার বলা হচ্ছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের। উপামেকানোর হেড এবং ৬৮তম মিনিটে লুইস দিয়াজের দারুণ গোলে ব্যবধান কমে ৫-৪ এ নেমে আসে।
তবে শেষ মুহূর্তে একের পর এক আক্রমণ করেও আর সমতা ফেরাতে সক্ষম হয়নি জার্মান জায়ান্টরা। ফলে আগামী বুধবার ফিরতি লেগে এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকেই মিউনিখে মাঠে নামবে বাভারিয়ানরা।