Ridge Bangla

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

দেশের জাতীয় গ্রিডে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। এতে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আদানি কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় শুরু করে। বর্তমানে এই ইউনিট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, ধীরে ধীরে সরবরাহ আরও বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত এই বিদ্যুৎ দেশের সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় স্বস্তি এনে দেবে। এতে বিদ্যুৎ ঘাটতি কমে লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

কর্তৃপক্ষ আরও জানায়, আগামী ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপিডিবির তথ্য অনুযায়ী, গত ২৫ এপ্রিল দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার ৯০০ মেগাওয়াট, যেখানে উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট। নতুন সরবরাহ যুক্ত হওয়ায় ঘাটতি অনেকটাই কমবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

This post was viewed: 6

আরো পড়ুন