দীর্ঘ এক দশকের প্রস্তুতি ও অবকাঠামো নির্মাণ শেষে অবশেষে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আজ বিকেলে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এর আগে গত ১৬ এপ্রিল চুল্লিতে জ্বালানি প্রবেশের জন্য প্রয়োজনীয় কমিশনিং লাইসেন্স পায় কর্তৃপক্ষ। সব ধরনের কারিগরি ও নিরাপত্তা শর্ত পূরণের পর আজ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হচ্ছে। অনুষ্ঠানে অংশ নিতে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছান। পরে তারা রূপপুরে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন হতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু হলে একক ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পের দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।