Ridge Bangla

মৃত্যুর প্রমাণ চাইল ব্যাংক; বোনের কঙ্কাল নিয়ে হাজির ভাই!

ভারতের ওডিশা রাজ্যের কেওঁঝর জেলায় ঘটে গেছে এক বিস্ময়কর ও একইসাথে বেদনাদায়ক ঘটনা। বোনের মৃত্যুর প্রমাণ দিতে গিয়ে শেষ পর্যন্ত তার কঙ্কাল নিয়েই ব্যাংকে হাজির হন এক অসহায় ভাই!
 
জানা যায়, পাটনা থানার অধীন মল্লিপাসি গ্রামের বাসিন্দা জিতু মুন্ডা নামের এক ব্যক্তি তার মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৯ হাজার ৩০০ রুপি তুলতে স্থানীয় এক ব্যাংকে যান। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায়, টাকা তুলতে হলে প্রয়োজন হবে মৃত্যুসনদসহ অন্যান্য কাগজপত্র।
 
অশিক্ষিত জিতু মুন্ডা বিষয়টি ঠিকভাবে বুঝতে পারেননি। ব্যাংকের ‘মৃত্যুর প্রমাণ’ চাওয়াকে তিনি সরলভাবে নিয়েছিলেন বাস্তব প্রমাণ হিসেবে। পরে তিনি বোনের কবর খুঁড়ে তার অস্থি সংগ্রহ করেন এবং সেগুলো একটি ব্যাগে করে ব্যাংকে নিয়ে আসেন!
 
হঠাৎ এমন দৃশ্য দেখে ব্যাংকের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে এসে পুলিশ তাকে বিষয়টি বুঝিয়ে বলে- ব্যাংকের নিয়ম অনুযায়ী মৃত্যুসনদই হলো প্রকৃত প্রমাণ, কঙ্কাল নয়।
 
পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে জিতুর বোনের মৃত্যু হয়। তার অ্যাকাউন্টেই এই অর্থ জমা ছিল। যথাযথ কাগজপত্র না থাকায় ব্যাংক টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিল।
 
পাটনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিরণ প্রসাদ সাহু জানান, জিতু সম্পূর্ণ নির্দোষ এবং বিষয়টি সম্পর্কে অজ্ঞ ছিলেন। তাকে সঠিক নিয়ম বুঝিয়ে দেওয়ার পর তিনি আবার বোনের অস্থি নিয়ে গিয়ে যথাযথভাবে দাফন করেন।
This post was viewed: 4

আরো পড়ুন