Skip to main content

Ridge Bangla

ফের নিষেধাজ্ঞার কবলে তাওহীদ হৃদয়!

জাতীয় দলের তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয় কেন যেন নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারছেন না! সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। সেই শাস্তির রেশ কাটতে না কাটতেই আবারও বিতর্কে জড়ালেন তিনি।

শনিবার ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হয়েও মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান হৃদয়। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

জানা গেছে, ম্যাচে ওয়াসি সিদ্দিকীর বলে ক্যাচ দিয়ে আউট হন হৃদয়। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি দীর্ঘ সময় উইকেটে দাঁড়িয়ে থাকেন। প্রতিপক্ষ খেলোয়াড়রা উল্লাস শুরু করলেও মাঠ ছাড়তে অনীহা দেখান হৃদয়।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, আউট হওয়ার পর মাঠে দাঁড়িয়ে থাকাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। ফলে হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

তাওহিদের শাস্তির বিষয়টি নিশ্চিত করে আম্পায়ার্স কমিটির ইনচার্জ ও ডিপিএলের টেকনিক্যাল কমিটির সদস্য অভি আবদুল্লাহ আল নোমান জানান, ম্যাচ শেষে ডাকা হলেও শুনানিতে উপস্থিত হননি হৃদয়। তাই আম্পায়ারের সঙ্গে হতাশা প্রকাশ এবং শুনানিতে অনুপস্থিত থাকার কারণে ম্যাচ রেফারি তাকে শাস্তি দিয়েছেন।

হৃদয়ের কাঁধে আগে থেকেই ছিল ৭ ডিমেরিট পয়েন্ট। নতুন করে পাওয়া পয়েন্টের ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট এখন ৮। নিয়ম অনুযায়ী, ৮ থেকে ১১ ডিমেরিট পয়েন্ট হলে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে আবাহনীর বিপক্ষে মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলার সম্ভাবনা এখন ক্ষীণ।

ডিপিএলে হৃদয়ের আগের নিষেধাজ্ঞা নিয়ে কম নাটক হয়নি। এবার ৮ ডিমেরিট পয়েন্টের কারণে চার ম্যাচ নিষেধাজ্ঞা হয় কিনা, তা এখন দেখার বিষয়।

This post was viewed: 62

আরো পড়ুন