দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে আড়াইশ ছাড়িয়েছে। গত দেড় মাসে মোট ২৫১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত, আর ২০৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে এই চিত্র পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষায় ৪ হাজার ৪৬০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ৩০ হাজার ৬০৭ শিশু হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে।
শুধু গত ২৪ ঘণ্টায়ই হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জন শিশুর মধ্যে আক্রান্ত বা উপসর্গ শনাক্ত হয়েছে, যা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ অঞ্চলে এখন পর্যন্ত ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১০ জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।