বর্তমান সরকার একটি দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ নির্মাণে রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানে মেধানির্ভর ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক রাষ্ট্র গঠনে প্রশাসনকে অবশ্যই জনমুখী হতে হবে এবং জনগণের সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রশাসনিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এ আন্দোলন প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে হবে এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা নিশ্চিত করতে হবে।