Ridge Bangla

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে দ্রুত উপযুক্ত বিকল্প স্থান নির্বাচনের তাগিদ দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেন তারা নির্বিঘ্নে এবং উৎসাহের সঙ্গে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সম্প্রতি উচ্ছেদ অভিযানের প্রেক্ষিতে সরকার এই পদক্ষেপ নেয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুনর্বাসিত হকারদের তালিকাভুক্ত করে সরকারিভাবে পরিচয়পত্র দেওয়া হবে। এর মাধ্যমে হকারদের ব্যবসা পরিচালনা আরও সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক হবে বলে আশা করছে প্রশাসন।

উল্লেখ্য, ঢাকা মহানগরীর মিরপুর, মতিঝিল, গুলিস্তান ও পল্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে হকার উচ্ছেদের পর থেকেই এই পুনর্বাসনের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছিল। প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা কাটবে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 7

আরো পড়ুন