দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ এপ্রিল সকাল ৮টা থেকে ২২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৯১৩ শিশু। একই সময়ে ১২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে- ৫৬২ জন। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৪০৬ জনই ঢাকা বিভাগের, আর রংপুর বিভাগে সবচেয়ে কম ৯ জন ভর্তি হয়েছে।
এদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৮৬ শিশু, যার মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে ৩৫২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৯০ শিশুর। মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে।