মুন্সীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন কঠোর নজরদারির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। জেলার ৩২টি পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফী নিজ কার্যালয়ে বসেই আধুনিক প্রযুক্তির সহায়তায় কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি মনিটরিং করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ উপস্থিত ছিলেন।
প্রশাসনের এমন তৎপরতায় পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও শৃঙ্খলা বজায় ছিল বলে জানা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রথম দিনে এসএসসি পরীক্ষায় ১০ হাজার ২১৩ জন, দাখিল পরীক্ষায় ১ হাজার ২৪০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ হাজার ২০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।