Skip to main content

Ridge Bangla

ডিএনসিসির ঘোষণা: অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনে শিগগির অভিযান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগির অভিযান শুরু করা হবে। শনিবার (২৬ এপ্রিল) মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রশাসক আরও জানান, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করছে। ডিএমপি ইতিমধ্যে এসব ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা তৈরি করেছে। খুব দ্রুত রাতের বেলা অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

এ সময় তিনি বলেন, “বাড়ির মালিক সমিতিগুলোকে অনুরোধ করবো, আপনারা যাতে এলাকায় অবৈধ অটোরিকশা ঢুকতে না দেন। আবাসিক এলাকার পরিকল্পনা যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন। স্থানীয় কমিউনিটি ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে অবৈধ হকার ও অটোরিকশা প্রতিরোধ সহজ হবে।”

নগরবাসীকে সতর্ক করে তিনি আরও বলেন, “হাউজিং কোম্পানি থেকে প্লট কেনার আগে মৌজা ম্যাপ পরীক্ষা করুন। জলাধার চিহ্নিত জমি কিনবেন না, এতে ভবিষ্যতে জটিলতার মুখে পড়তে হতে পারে।”

ইস্টার্ন হাউজিং এলাকায় উন্নয়ন প্রসঙ্গে মোহাম্মদ এজাজ বলেন, “একসময় মনে করা হতো এখানে কখনো পাকা রাস্তা হবে না। এখন সাতটি প্যাকেজের আওতায় ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিলোমিটার নর্দমা ও ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসন হবে।”

এ সময় তিনি আরও বলেন, “এই বর্ষায় সবাইকে বড় গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। পরিকল্পিতভাবে কৃষ্ণচূড়া ও সোনালু গাছ লাগালে পুরো ইস্টার্ন হাউজিং এলাকা সবুজে ঢাকা পড়বে।”

অনুষ্ঠান শেষে ডিএনসিসি প্রশাসক নির্মাণকাজের উদ্বোধন করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

This post was viewed: 71

আরো পড়ুন