দেশের সংবাদপত্র শিল্পের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর নেতৃবৃন্দ। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠক ঘিরে গণমাধ্যম অঙ্গনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, বৈঠকে সংবাদপত্র খাতের বহুমাত্রিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে অর্থনৈতিক চাপ, বিজ্ঞাপন আয়ের হ্রাস এবং উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে পত্রিকা শিল্প যে চ্যালেঞ্জের মুখোমুখি, তা তুলে ধরেন নোয়াব নেতারা।
এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। নোয়াবের পক্ষ থেকে একটি সহনশীল ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।