মাদক নির্মূল এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অপরাধ দমনে কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ অনুসরণের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২১ এপ্রিল) সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। সভায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের সামগ্রিক অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে আরও জনবান্ধব করে গড়ে তোলার জন্য প্রতিটি সদস্যকে নিজের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।
পুলিশ প্রধান জানান, সম্মিলিত প্রচেষ্টার ফলে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ করে সুষ্ঠু ও সফল জাতীয় নির্বাচন আয়োজন সম্পন্ন করার মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যরা পুনরায় আত্মবিশ্বাস অর্জনের পাশাপাশি জনগণের প্রশংসা কুড়িয়েছে।