ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে নবীনগর-চন্দ্রা সড়কের শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রটির আরও অন্তত পাঁচ সদস্য পালিয়ে যায়।
অভিযানের সময় পুলিশ ডাকাত দলের কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুটি সুইচগিয়ার এবং একটি চাইনিজ কুড়াল জব্দ করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মহাসড়কে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা নিয়ে একদল অপরাধী শ্রীপুর এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযানে পুলিশ সদস্যরা তাদের ঘিরে ফেললে ছয়জন আটক হন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ, মো. আব্দুর রহিম, মো. জুয়েল রানা, মো. মিজান শেখ, মো. জহুরুল ইসলাম ও মো. আব্দুল মমিন।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।