গ্রাহকদের মোবাইল ইন্টারনেট ব্যবহারের অব্যবহৃত ডেটার মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়ানোর বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছে সরকার। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের উত্থাপিত এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডেটা মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে রয়েছে। গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং এই সমস্যার একটি টেকসই সমাধান নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ইন্টারনেট প্যাকেজের সীমাবদ্ধতা প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশে প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন, যাদের ইন্টারনেট ব্যবহারের ধরন এবং চাহিদা ভিন্ন ভিন্ন। অপারেটরদের প্যাকেজ ডিজাইনের ক্ষেত্রে গ্রাহকদের এই বৈচিত্র্যময় চাহিদার বিষয়টি মাথায় রাখতে হয়।
তবে ক্রমবর্ধমান এই ডিজিটাল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টারনেট ব্যবহারের নিয়মাবলি আরও গ্রাহকবান্ধব করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।