ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ মনোনয়নপত্র দাখিল করেন।
জোট মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় ও বিভিন্ন সাংগঠনিক পর্যায়ের নারী নেত্রীসহ একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। তালিকায় আরও রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপাসহ বিভিন্ন দলের নারী প্রতিনিধি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত ৫০টি আসনের বিপরীতে ৪৬৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদীয় আসনের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বিএনপি জোট ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং একটি আসন স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে।