নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গভীর রাতে নৃশংস হত্যাকাণ্ডে একই পরিবারের চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহতরা হলেন হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার। তারা সবাই স্থানীয় বাসিন্দা নমির উদ্দিনের পরিবারের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজের পর বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ঘরে প্রবেশ করে চারজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, “আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।