Ridge Bangla

আর্সেনালের হারে জমে উঠেছে প্রিমিয়ার লীগের লড়াই

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ম্যানচেস্টার সিটি। রবিবার ইত্তিহাদ স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ২-১ গোলের জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এই জয়ে টেবিলের শীর্ষ দল আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে এনে শিরোপার লড়াইকে আরও একধাপ নিজেদের দিকে নিয়ে এলো সিটিজেনরা।

ম্যাচের ১৬তম মিনিটেই স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান ম্যানসিটির সেনসেশন রায়ান চেরকি। তবে সিটিজেনদের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে দুই মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরান গানার বয় কাই হাভার্টজ। প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হওয়ায় ম্যাচের উত্তাপ ধীরে ধীরে বাড়তে থাকে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৬৫তম মিনিটে আর্লিং হালান্ডের দক্ষতায় দ্বিতীয় গোলটি পায় ম্যানচেস্টার সিটি। নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয় এবং ম্যানসিটিকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেয়। এই পরাজয় আর্সেনালের দীর্ঘদিনের শিরোপা জয়ের স্বপ্নকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।

পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট। অন্যদিকে, সর্বশেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি শিরোপা সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে। লিগের সমীকরণ বলছে, বুধবার বার্নলির বিপক্ষে পরবর্তী ম্যাচে জয় পেলেই শীর্ষে উঠে আসবে ম্যানচেস্টার সিটি। সেই লক্ষ্যেই এখন পুরো মনোযোগ গার্দিওলা বাহিনীর।

This post was viewed: 5

আরো পড়ুন