Ridge Bangla

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, বাধা প্রদানে গুলিবিদ্ধ ৪ পথচারী

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে চারজন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পশ্চিম রসুলপুর এলাকার ভাঙ্গারপুল বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দুদিন আগে শামীম ওরফে জুয়েল নামে এক ব্যক্তি স্থানীয় সুমন মিয়ার দোকানে ফ্লেক্সিলোড করে টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। সে সময় এলাকাবাসীর হস্তক্ষেপে তিনি টাকা পরিশোধ করতে বাধ্য হন। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই ওই ব্যবসায়ীকে অপহরণের ছক কষা হয়েছিল।

রোববার রাতে ৪-৫ জন মোটরসাইকেলে এসে ডিবি পরিচয়ে সুমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তাদের পরিচয় জানতে চাইলে দুর্বৃত্তরা পিস্তল উঁচিয়ে ভয় দেখায়। এতে স্থানীয়দের সন্দেহ বাড়লে তারা দুর্বৃত্তদের ঘিরে ফেলে।

পরিস্থিতি বেগতিক দেখে পালানোর চেষ্টাকালে অপরাধীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে চারজন সাধারণ পথচারী গুলিবিদ্ধ হন। এ সময় উত্তেজিত জনতা ধাওয়া করে শামীম ওরফে জুয়েলকে মোটরসাইকেলসহ ধরে ফেলে। গণপিটুনি শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে।

This post was viewed: 4

আরো পড়ুন