Ridge Bangla

আজ থেকে সারা দেশে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

দেশব্যাপী আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর মোট সাড়ে ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে, যা আগামী ২০ মে পর্যন্ত চলবে। পরবর্তীতে ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। দুই বছর আগে নবম শ্রেণিতে নিবন্ধিত প্রায় চার লাখ ৪৭ হাজার শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না। তবে অনিয়মিত পরীক্ষার্থীসহ মোট অংশগ্রহণকারীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৪ লাখ ১৮ হাজার, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সারাদেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, মোবাইল নেটওয়ার্ক বন্ধে সিগন্যাল জ্যামার ব্যবহার এবং পরীক্ষার্থীদের তল্লাশির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া কেন্দ্র এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন